1 Answers
সুধীন স্যার তার ছাত্র-ছাত্রীদের ইতিহাসের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য বলেছেন, 'জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম'- তার এ উক্তিটি যথার্থ।
মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। যে জন্যে জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থান বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান-পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো-মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে, সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে।
পরিশেষে বলা যায়, জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের প্রয়োজনীয়তা অপরিসীম। স্যারের এ উক্তিটি ইতিহাসের প্রয়োজনীয়তার আলোকে তাই যথার্থ।