1 Answers
উদ্দীপকে বাংলাদেশের ব্যয়ের খাতগুলোর মধ্যে প্রতিরক্ষা, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, জনস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ ইত্যাদি উল্লেখ আছে। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো-
১. প্রতিরক্ষা : দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার জন্য যুদ্ধের সাজ-সরঞ্জাম ক্রয়, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, বেতন- ভাতা, বাসস্থান ও চিকিৎসা প্রভৃতি প্রদানের জন্য সরকার এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে। জাতীয় নিরাপত্তার কারণে এ খাতে অনেক ব্যয় বরাদ্দ অপ্রকাশিত থাকে।
২. জনপ্রশাসন : রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে জনপ্রশাসন পরিচালনা করতে হয়। প্রশাসনের বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অফিস পরিচালনা বাবদ সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
৩. জনশৃঙ্খলা ও নিরাপত্তা : অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তুলতে ও পরিচালনা করতে এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
৪. জনস্বাস্থ্য : জনগণের সুচিকিৎসার জন্য হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিনামূল্যে ওষুধ প্রদান, মহামারী প্রতিরোধ, ডাক্তার ও নার্সের প্রশিক্ষণ ইত্যাদি খাতে সরকারকে অর্থ ব্যয় করতে হয়।
৫. সামাজিক নিরাপত্তা ও কল্যাণ: অসহায়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে বাংলাদেশ সরকার সামর্থ্য অনুযায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং গরিব-দুস্থদের মাঝে রেশনিং কাজে সরকার প্রচুর অর্থ ব্যয় করে।
উদ্দীপকে বাংলাদেশ সরকারের ব্যয়ের উপরে আলোচিত খাতসমূহই উল্লেখ আছে।