1 Answers
উদ্দীপকের সিনের পরিবারটি গঠন ও কাঠামোগত দিক থেকে যৌথ পরিবার। কারণ যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা- চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যেমনটা সিনের পরিবারে লক্ষ করা যায়। বাংলাদেশের প্রেক্ষিতে এ ধরনের পরিবার কমে যাওয়ার পিছনে বিভিন্ন আর্থ-সামাজিক কারণ বিদ্যমান।
বর্তমান যুগ আধুনিক ও বিশ্বায়নের যুগ। এই আধুনিকতার যুগে মানুষ যেমন শিক্ষিত হচ্ছে তেমনি তাদের চিন্তা চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন। পরিবারের কর্তা এখন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। বিশেষ করে যৌথ পরিবারে ছেলে-মেয়েদের পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে ভেবে একক পরিবারে মানুষ এখন আগ্রহী হয়ে উঠছে।
বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে অনেকেই চাকরির জন্য বাধ্য হয়ে যৌথ পরিবার ভেঙে অণু বা একক পরিবার গঠন করছে। যৌথ পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত কর্তাব্যক্তি মূল ভূমিকা পালন করেন।
এখানে সাধারণ সদস্যদের মতামতকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ, যৌথ পরিবারে এক ধরনের স্বৈরতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করে। পরিবারের কোনো সদস্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে তিনি এরূপ পরিস্থিতি মেনে নিতে চান না। অধিকাংশ সময় দেখা যায়, তিনি যৌথ পরিবার থেকে বের হয়ে একক পরিবার গড়ে তোলেন।
উপরের আলোচনার ওপর ভিত্তি করে তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে ব্যক্তিস্বার্থ, সামাজিক বাস্তবতা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব ইত্যাদি কারণ ক্রিয়াশীল।