1 Answers
নয়নের মধ্যে পাঠ্যের যে নৈতিক গুণ প্রকাশ পেয়েছে সেটি হলো মানবতা। মানবতার জন্যই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। যার মানবতা নেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হওয়ার জন্য প্রয়োজন মানবিক গুণাবলি। যার মধ্যে এ মানবিক গুণ রয়েছে তাকেই প্রকৃত মানব বলে আখ্যায়িত করা যায়। উদ্দীপকের নয়ন এমনই একজন মানবতাবাদী মানুষ। বাসের ধাক্কা থেকে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে তার পায়ের ওপর দিয়ে বাসের চাকা চলে গেল। তার এমন আত্মত্যাগ মানবতারই নামান্তর। মানবতা একটি বিশেষ নৈতিক গুণ। মানবতা ধর্মেরও অঙ্গ। সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ, রয়েছে সংবেদনশীলতা। মহত্ত্বের উৎস হলো মানবতা বা মানবপ্রেম। কেবল অর্থ দিয়ে নয়, নিজের জীবন দিয়েও বহু মহানুভব ব্যক্তি চরম ত্যাগের পরিচয় দিয়েছেন। জীবে দয়াই মানবজাতির কল্যাণকর পথ। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয়, ভয়ার্তকে অভয়, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। আমরা আমাদের জীবনে মানবতার গুণগুলো অর্জন করব। আমরা প্রকৃত মানুষ হব। তাই বলা যায়, নয়নের মধ্যে পাঠ্যের মানবতা নামক নৈতিক গুণটিরই প্রকাশ ঘটেছে।