1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, হোসাইন সাহেব ছিলেন একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী। পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট হাদিসের আলোকে আমরা বলতে পারি যে, হোসাইন সাহেব কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। পাঠ্যবইয়ের হাদিসটি হলো-
التَّاجِرُ الْأَمِينُ الصُّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ القِيَامَةِ
অর্থ: "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম বণিক কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে।” (ইবনে মাজাহ)।
ব্যবসায় বাণিজ্য একটি পবিত্র পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তির মুখ্য উদ্দেশ্য জনগণের সেবা করা। প্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া। পণ্যদ্রব্য সংগ্রহ ও সুষ্ঠু বণ্টনব্যবস্থা নিশ্চিত করা। ব্যবসায়ী যদি সৎ ও সত্যবাদী হন তবেই ব্যবসায় বাণিজ্যের এ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হতে পারে। আর ব্যবসায়ী অসৎ হলে এর মূল লক্ষ্যই ধ্বংসপ্রাপ্ত হবে এবং জনগণ পদে পদে প্রতারিত হবে। আর এ কারণেই মহানবি (স.) সৎ, ন্যায়পরায়ণ ও সত্যবাদী মুসলমান বণিকের বিরল মর্যাদার উল্লেখ করে বলেন, "তিনি কিয়ামত দিবসে শহিদদের সাথে থাকবেন।"
প্রতারণার যুগে সুদি কারবার এবং সুদি লেনদেনের পরিবেশে ইসলামের ওপর প্রতিষ্ঠিত থেকে আমানতদারি ও সততার ভিত্তিতে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করা বড় কঠিন কাজ। একজন মুসলিম ব্যবসায়ীই এ প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে পারেন। আর আল্লাহ তায়ালা তখন তাঁকে এর বিনিময়ে আখিরাতে দান করবেন শাহাদতের দুষ্প্রাপ্য মর্যাদা। অতএব, সার্বিক বিবেচনায় হোসাইন সাহেব কিয়ামত দিবসে শহিদদের সাথে থাকবেন।