প্রদত্ত উদ্দীপক 'সুভা' গল্পের বিষয়কে পুরোপুরি ধারণ করে কি? যুক্তিসহ ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
না, উদ্দীপকটি 'সুভা' গল্পের বিষয়কে পুরোপুরি ধারণ করে না।
সমাজে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা নানাভাবে অবহেলার শিকার হয়। স্বাভাবিক মানুষ যদি তাদের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমাদের প্রত্যেকের উচিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া।
উদ্দীপকে দুর্ঘটনায় পতিত একটি ছেলের প্রতিবন্ধী হয়ে পড়া এবং তার জীবনের দুঃখ-কষ্ট তুলে ধরা হয়েছে। শিমুল নামের এই ছেলেটি বিদ্যুতের কাজ করতে গিয়ে অনেক উপর থেকে পড়ে গিয়ে আহত হয়। তার দুটি হাত কেটে ফেলতে হয়। দুহাত হারিয়ে সে সমাজ ও পরিবারের বোঝা হয়ে পড়ে। অনেকের কাছে সে চরম অবহেলার পাত্রে পরিণত হয়। এ অবস্থায় সে নিজের দুই পায়ের সাহায্যে প্রকৃতির ছবি আঁকাকে অবলম্বন হিসেবে বেছে নেয়। এই ছবি আঁকার মধ্যেই সে জীবনের অর্থ ও সুখ খুঁজে পায়। 'সুভা' গল্পের প্রধান চরিত্র সুভার কথা বলতে না পারাকেও তার পরিবারের অনেকে মানতে পারে না। সে নিজের অসম্পূর্ণতা নিয়েও সংকোচে থাকে। এমন অবস্থায় বাবার স্নেহ পেলেও শুভা সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারে না। তখন সে কেবল গ্রামেরই এক বেকার যুবক প্রতাপের মাছ শিকার করার সঙ্গী হয় এবং নিজেদের দুটি পোষা গাভী তার একান্ত আপন হয়ে ওঠে।
উদ্দীপকের শিমুলের জীবনকাহিনির সঙ্গে 'সুভা' গল্পের সুভার জীবনকাহিনি ও সংগ্রাম আপাতদৃষ্টিতে সাদৃশ্যপূর্ণ হলেও তারা সেই অর্থে পরস্পরের সমগোত্রীয় নয়। তাই বলা যায়, প্রদত্ত উদ্দীপকটি 'সুভা' গল্পের বিষয়কে পুরোপুরি ধারণ করে না।