1 Answers
"উদ্দীপকের বিষয়টি 'আমার পরিচয়' কবিতার একটি বিষয়কে নির্দেশ করে মাত্র, পুরো বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ।
বাঙালি জাতিসত্তার অতীত ঐতিহ্য আছে। বিশেষ কোনো ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে বাঙালি জাতিসত্তা গড়ে ওঠেনি। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতির ধারাপ্রবাহে তার আগমন। এই ধারাপ্রবাহ ধরেই বাঙালির জাতিসত্তা টিকে আছে।
উদ্দীপকে মাস্টার দা সূর্য সেনের সংগ্রামী জীবনের পরিচয় তুলে ধরা হয়েছে। মাস্টার দা সূর্য সেন ইংরেজ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাঁর নেতৃত্বে অল্প সময়ের জন্য হলেও বাংলার চট্টগ্রাম অঞ্চল ব্রিটিশ শাসনমুক্ত ও স্বাধীন ছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী সংগ্রামী নেতা সূর্য সেনের এ পরিচয়টি 'আমার পরিচয়' কবিতায় গ্রহণ করে কবি তাঁর সংগ্রামী চেতনাকে শ্রদ্ধা জানিয়েছেন। বাঙালি জাতিসত্তা গঠনের পেছনে সূর্য সেনের অবদানকে স্মরণ করার বিষয়টি 'আমার পরিচয়' কবিতার অন্যতম একটি বিষয়। এটি ছাড়াও কবিতায় আরও অনেক বিষয় ও ঐতিহ্যের অবতারণা করা হয়েছে।
'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালির বীরত্ব, সাহসিকতা, দৃঢ়তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করেছেন। তিনি চর্যাপদ, গীতাঞ্জলি, অগ্নিবীণা, মহুয়ার পালা, কমলার দীঘি, জয়নুল, অবনঠাকুর প্রভৃতির কথা বলেছেন। উদ্দীপকে এসব দিক প্রতিফলিত হয়নি। এ কবিতায় কবি বাঙালির প্রাণপ্রিয় নেতার যোগ্য নেতৃত্ব এবং বাঙালির স্বাধীনতা অর্জনকে স্মরণ করেছেন। এ বিষয়ও উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।