1 Answers
উদ্দীপকের জামিল স্যার ও জাবিদের বন্ধুদের ভূমিকা 'সুভা' গল্পের লেখকের আকাঙ্ক্ষারই প্রতিফলন- মন্তব্যটি যথার্থ।
শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রয়োজন একটু সহানুভূতি ও ভালোবাসা। মানুষের মমত্ববোধ ও ভালোবাসা তাদের কষ্ট দূর করতে পারে। তাদের জীবনকে সুন্দর করতে পারে।
উদ্দীপকের জামিল স্যার ও জাবিদের বন্ধু জহির ও খালিদ মানবিক চেতনাসম্পন্ন মানুষ। জাবিদের শারীরিক প্রতিবন্ধিতার কারণে বিদ্যালয়ে যেতে কষ্ট হয়। কিন্তু জহির ও খালিদ তাকে সঙ্গ দেয়। বিষয়টি জামিল স্যার জানতে পেরে জাবিদের বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানান। তাদের সহযোগিতার কারণে জাবিদ বিদ্যালয়ে যেতে পারে। 'সুভা' গল্পের লেখক মূলত এই গল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন। সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন।
'সুভা' গল্পের লেখক কিশোরী সুভার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ ঘাটিয়েছেন। তিনি মূলত বলতে চেয়েছেন প্রতিবন্ধীরাও মানুষ। সবার মতো তাদেরও ভালো কিছু করার এবং সুস্থ-স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে। উদ্দীপকের জামিল স্যার ও জাবিদের বন্ধুরা জাবিদকে সাহায্য করার মধ্য দিয়ে লেখকের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।