1 Answers
আমি মনে করি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রনির বক্তব্যের চেয়ে সজলের বক্তব্য অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদের চেয়ে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে 'সামাজিক চুক্তি' মতবাদের মূলকথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র প্রতিষ্ঠার আগে মানুষ 'প্রকৃতির রাজ্যে' বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত। কিন্তু এ নিয়ম কার্যকর করা এবং তা অমান্য করা হলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। এ অরাজকতা থেকে মুক্তি পেতে মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। ব্রিটিশ দার্শনিক টমাস হবস্ ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো এ মতবাদটির প্রবক্তা।
ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো- সংস্কৃতি, রক্ত ও ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপ ইত্যাদি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদটিকেই রাষ্ট্রবিজ্ঞানীরা সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।
উপরে আলোচিত রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত দুটি মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। কারণ এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সঠিক ব্যাখ্যা পাওয়া যায়।