1 Answers
সাদিয়া ও শর্মিলার পরিবারের মধ্যে সাদিয়ার পরিবারকে আমি আদর্শ পরিবার বলে মনে করি।
পরিবার হলো স্নেহ, মায়া ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। একটি আদর্শ পরিবার তার সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণ করে থাকে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে এর সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। পরিবারের সদস্যরা পরস্পরের সাথে গল্প-গুজব ও হাসি-ঠাট্টা করা, বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে বিনোদন লাভ করে।
উদ্দীপকে দেখা যায়, সাদিয়া ও শর্মিলা দুই বান্ধবী। সাদিয়া একটি সরকারি কলেজে শিক্ষকতা করে। সে চাকরি করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করে। সময় পেলে সবার সঙ্গে গল্প-গুজব করা, বেড়াতে যাওয়া সবদিকে তার লক্ষ্য থাকে। অর্থাৎ সাদিয়া পরিবারের অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো যথাযথভাবে সম্পাদন করে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানে চাকরিরত বান্ধবী শর্মিলা এসব করতে পারে না। সারাদিন কর্মব্যস্ত থাকার কারণে সে পরিবারকে সময় দিতে পারে না। শর্মিলা তার জীবনকে যান্ত্রিক মনে করে। অর্থাৎ সে যন্ত্রের মতো একটানা কাজ করে নিজেকে ও পরিবারকে বঞ্চিত করছে।
সাদিয়া ও শর্মিলার পরিবারের মধ্যে সাদিয়ার পরিবার আদর্শ পরিবার। কেননা সাদিয়ার পরিবারে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ভারসাম্যপূর্ণভাবে সম্পাদিত হয়। শিক্ষক সাদিয়া পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় সময় কাটায়। অপরদিকে শর্মিলা কর্মব্যস্ততার জন্য তা পারে না। সে পরিবারের অর্থনৈতিক কাজটি করলেও মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো একেবারেই করে না। কিন্তু এগুলোও পরিবারের সদস্যদের মানসিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।