1 Answers

উদ্দীপকে উল্লেখিত কাজগুলো অর্থাৎ জৈবিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজগুলোই পরিবারের একমাত্র কাজ নয়, পরিবারের আরও কাজ রয়েছে।
পরিবার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য নানাবিধ কাজ করে। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হলো অর্থনৈতিক কাজ। যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের ভরণ-পোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করেন।
পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাজনৈতিক কাজ। যে সকল শিক্ষা পরিবারের একজন সদস্যকে পরবর্তীকালে রাষ্ট্রীয় কাজে সহায়তা করে সেগুলো পরিবারের রাজনৈতিক কাজের অন্তর্ভুক্ত। পরিবারের বড়রা ছোটদের অধিকার রক্ষায় কাজ করে এবং বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেয়, যা তাদের সুনাগরিক হতে সাহায্য করে। এছাড়া পরিবারের বড়দের রাজনৈতিক আলোচনা শুনে শিশুরা রাজনীতি সচেতন হয়, যা পরে তাদের রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে। মনস্তাত্ত্বিক কাজও পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিবারের যে কাজগুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় সেগুলোই পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। পরিবার তার সদস্যদের মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক চাহিদা পূরণ করে। পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়লে বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য পরিজনের সাথে আলাপ-আলোচনা করে সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণ শিক্ষা লাভ করে, যার ফলে তাদের মানসিক দিক সমৃদ্ধ হয়।
পরিশেষে বলা যায়, জৈবিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ ছাড়াও পরিবার উল্লিখিত কাজগুলো সম্পাদন করে। এসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের সার্বিক চাহিদা পূরণ হয়।

6 views

Related Questions