1 Answers
উদ্দীপকের তথ্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী বাঙালিদের কৌশলে শোষণ করার হীন উদ্দেশ্য নিয়ে প্রথমেই আঘাত হানে বাঙালির মায়ের ভাষা বাংলার ওপর। সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। পরবর্তীতে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় 'তমদ্দুন মজলিশ'। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এই তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।' এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এর তীব্র প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। এভাবে ধীরে ধীরে ভাষা আন্দোলনের গতি বাড়তে থাকে।
উদ্দীপকে তমদ্দুন মজলিশ নামক সংগঠন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও ধীরেন্দ্রনাথ দত্তের নাম উল্লেখ রয়েছে। এ তিনটি নামই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকের তথ্য ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত।