1 Answers
প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে তথ্য ও ধারণা লাভে জনপদগুলোর গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।
প্রাচীন বাংলার বিভিন্ন জনপদগুলো থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থা ও সমৃদ্ধি প্রভৃতি বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। যার ফলে তখনকার বাংলার বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা অবহিত হতে পারি। প্রাচীন যুগে বাংলা কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। এখানে ছিল না কোনো রাজনৈতিক ঐক্য। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। প্রাচীনকালে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক উপাদান হতে বিভিন্ন জনপদ যেমন- বঙ্গ, গৌড়, পুণ্ড্র, হরিকেল, সমতট এগুলোর নাগরিকদের জীবনযাত্রা, অবস্থান, বিস্তৃতি, সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা থেকে বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন সম্পর্কে আংশিক ধারণা পাওয়া যায়। যেমন- গৌড় জনপদটি পাল রাজাদের আমলে ছিল একটি সমৃদ্ধ জনপদ। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে পাল সাম্রাজ্যের পতনের সাথে সাথে গৌড় জনপদটির আয়তন সঙ্কুচিত হয়ে আসে। এভাবে জনপদগুলোর অবস্থানের তথ্যের ভিত্তিতে, আমরা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারি।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে ধারণা লাভে জনপদগুলোর গুরুত্ব অনস্বীকার্য।