1 Answers
ঈশ্বর সর্বসময়, সর্বব্যাপী এবং ধার্মিক ব্যক্তি সর্বদা তাঁর অনুগ্রহ লাভ করে থাকেন। ধর্মের দশটি বাহ্য লক্ষণ যাঁর মধ্যে প্রকাশ পায় তিনিই ধার্মিক। ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর সর্বাবস্থায় রক্ষা করেন। উদ্দীপকে দেখা যায়, তাপস বাবু নাস্তিক ও অত্যাচারী হলেও তার ছেলের ছিল ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি। তার বিশ্বাস ঈশ্বরই তাকে রক্ষা করেন এবং ঈশ্বর সর্বময়। হিরণ্যকশিপু ও প্রহ্লাদের কাহিনি থেকেও এ বিষয়টি জানা যায়। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল একজন একনিষ্ঠ হরিভক্ত। পুত্রের এ হরিপ্রীতি সহ্য করতে না পেরে হিরণ্যকশিপু তাকে নানাভাবে হত্যা করতে চায়। কিন্তু ধার্মিক প্রহ্লাদকে সবসময় শ্রীহরিই রক্ষা করেন। কেননা, ধর্মই ধার্মিককে রক্ষা করে এবং ঈশ্বর সবসময় ধার্মিক ব্যক্তির সহায় হন। ধর্মগ্রন্থে আছে, ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে তাঁর স্বর্গ লাভ হয়। ধার্মিক ব্যক্তি ধর্মপথ অনুসরণ করে আদর্শ জীবনযাপন করেন। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনাশকারীকে বিনাশ করে। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন। সর্বত্র সর্বাবস্থায় ধর্মের জয় হয় এবং অধর্মের পরাজয় ঘটে। তাই বলা যায়, ঈশ্বর সর্বসময় এবং তিনিই ধার্মিককে রক্ষা করেন।