1 Answers
উদ্দীপকের 'ক' দেশে ধনতান্ত্রিক এবং 'খ' দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে এবং উক্ত দুই অর্থব্যবস্থার মধ্যে বেশ পার্থক্যও রয়েছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিমালিকানাধীন থাকে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। সকল অর্থনৈতিক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এতে উদ্যোক্তা ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বিদ্যমান থাকে। এ অর্থব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনকে কেন্দ্র করেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। উদ্যোক্তা বা বিনিয়োগকারী সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন করে থাকে। ধনতন্ত্রে শ্রমিক শোষণ বিদ্যমান থাকে। সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন ব্যয় কম রাখার লক্ষ্যে শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম প্রদান করা হয়। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানা, উদ্যোগ ও নিয়ন্ত্রণ কার্যকর থাকে। জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবা প্রধানত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় দাম ও সামর্থ্যের ওপর ভিত্তি করে ক্রেতার পছন্দ ও উদ্যে্যাক্তার বিনিয়োগ স্থির হয়। এ অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এমনকি সরকারি খাতসমূহও মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারা প্রভাবিত থাকে। তবে জনকল্যাণমূলক খাতসমূহে মুনাফা নিয়ন্ত্রণ করা হয়। এ অর্থব্যবস্থায় উদ্যোক্তা ও ভোগকারী সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। শুধুমাত্র বিশেষ অবস্থায় বা দুর্যোগকালীন সময়ে উৎপাদনে বিপর্যয় ঘটলে সরকার বিশেষ দ্রব্যের ক্রয়-বিক্রয়ে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।