1 Answers
সৌরজগতের প্রাণ সূর্য। সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত।
সূর্য একটি নক্ষত্র। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে। এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্য একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট নিয়মে পরিক্রমণ করছে। সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ, উপগ্রহসহ সৌর পরিবারের সকল সদস্য নিজের পারস্পরিক মহাকর্ষ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস সূর্য। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকারে থাকত এবং পৃথিবীতে জীবজগৎ ও উদ্ভিদজগতের কিছুই বাঁচত না। সূর্য পৃথিবীকে তাপ দিয়ে উষ্ণ রাখছে। ফলে পৃথিবী প্রাণীর বসবাসের উপযুক্ত হয়ে ওঠে। পৃথিবী সূর্য থেকে প্রাপ্ত তাপ সঞ্চয় করে রাখে এবং বায়ুমণ্ডলে তা ছেড়ে দেয়। ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং সৃষ্টি হয় বায়ুশূন্যতার। চারদিক থেকে বায়ু দ্রুত বেগে ছুটে এসে বায়ুশূন্যতা পূরণ করে। এভাবে সৌরশক্তির প্রভাবে পৃথিবীতে বাবু প্রবাহের সৃষ্টি হয়।
সুতরাং সূর্য সকল শক্তির উৎস। তাই 'সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য'- এ উক্তিটি যথার্থ।