"গোলাপী তরুণ বেকার নারীদের জন্য এক অনুকরণীয় চরিত্র- উক্তির সপক্ষে তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
গোলাপীর আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য তিনি তরুণ বেকার নারীদের জন্য অনুকরণীয় বলে আমি মনে করি।
বেকারত্ব আমাদের দেশের যুবসমাজের জন্য অভিশাপ। এদেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম। এই অবস্থায় আত্মকর্মসংস্থান বেকারত্ব কমানোর পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্দীপকের গোলাপী অভাবের কারণে পড়ালেখা করতে পারেননি। বাবাকে সাহায্য করার জন্য আত্মকর্মসংস্থানমূলক পেশা বেছে নেন। সেলাই প্রশিক্ষণ নিয়ে তিনি একটি সেলাই মেশিন কেনেন। তিনি এখন আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। ২০১৫ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হন।
উদ্দীপকের গোলাপী স্বাবলম্বী হওয়ার জন্য কারো ওপর নির্ভর করেননি। নিজের চিন্তা, দক্ষতা ও স্বল্প পুঁজি ব্যবহার করে তিনি সফল হয়েছেন। সাধারণত আমাদের দেশের তরুণ বেকার নারীরা এ ধরনের ঝুঁকি নিতে চান না। তারা আত্মকর্মসংস্থানের বদলে চাকরিতে বেশি আগ্রহী হয়। তরুণ বেকার নারীদের জন্য গোলাপীর এই সফলতা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি অল্প পরিসরে নিজের কর্মসংস্থান তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। সার্বিক দিক বিবেচনায় বলা যায় যে, বেকার নারীদের জন্য গোলাপী এক অনুকরণীয় চরিত্র।