1 Answers
উদ্দীপকের শেষোক্ত কথাটি হলো 'পুনরায় সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলেছে।' উক্ত লাইনটি দ্বারা স্বৈরাচারী এরশাদ সরকার পতনের পর বাংলাদেশে যে গণতন্ত্রের অগ্রযাত্রা সাধিত হয়েছিল তাই বোঝানো হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাতবরণের পর বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে ১৯৯০ সালে ৬ ডিসেম্বর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে ও গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারা চালু হয়। সামরিক সরকারসমূহের দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়ে জনগণ দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়। এ অগ্রযাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষ এক বীরত্বপূর্ণ অবদান রাখেন। একটি প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অনেকেই অকাতরে প্রাণ দেয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি কর্তৃক শাসন ব্যবস্থা পরিচালনার পথ উন্মুক্ত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীর সরকার পদ্ধতি দেশে পুনঃপ্রবর্তন ও সংবিধানে তা অন্তর্ভুক্ত হয়। তাছাড়া ১৯৭২ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ সেখানে আজ অবধি কৃষক- শ্রমিকসহ জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার ২৪ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ছাড়াও সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিশেষত শিক্ষার প্রসার, শিশু মৃত্যুহার হ্রাস ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করেছেন নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেন। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনে বিশেষত দরিদ্র মানুষের খাদ্যপ্রাপ্তি ও পুষ্টির জন্য প্রণীত হয় 'খাদ্যনীতি-২০০৬'। এছাড়া পরিবেশ ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বর্তমানে সারাবিশ্বে এক রোল মডেল।
পরিশেষে বলা যায়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে চলেছে।