1 Answers
হ্যাঁ, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনাটি ছিল ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচন। উক্ত নির্বাচন বাংলাদেশের অভ্যুদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- সংগত কারণেই এ বিষয়ে আমি একমত পোষণ করি।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৭০ সালের পূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম 'এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে' সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয় যে, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনাটি ছিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং এ নির্বাচনের গুরুত্ব বিবেচনায় এ নির্বাচনকে বাংলাদেশের অভ্যুদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা যুক্তিসংগত। অতএব, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।