1 Answers
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব শিফাতের মতো উদ্যোক্তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।
উদ্যোক্তারা ব্যবসায় উদ্যোগ নেওয়ার মাধ্যমে শিল্প কারখানা স্থাপন করেন। এতে তার নিজের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান হয়। অন্যদিকে, দেশের ব্যবসায় বাণিজ্যও গতিশীল হয়। উদ্দীপকের জনাব শিফাত লেখাপড়া শেষ করে ৫ বছর আগে গাজীপুরের অদূরে শিশুদের খেলনা তৈরির কারখানা স্থাপন করেন। ঝুঁকি আছে জেনেও এ কাজে তিনি নিজস্ব পুঁজি বিনিয়োগ করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সৃজনশীলতার গুণে আজ তিনি একজন সফল উদ্যোক্তা।
উদ্দীপকের জনাব শিফাত তার পুঁজিকে উৎপাদনমুখী কাজে লাগিয়েছেন। এর মাধ্যমে তার সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হয়েছে। আবার, এ কারখানায় তার পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে তাদের বেকারত্ব দূর হয়েছে এবং জীবনযাত্রার মনোন্নয়ন হয়েছে। আবার তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে আরও অনেকেই এ ধরনের কাজে এগিয়ে আসবে। ফলে নতুন করে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর এটি দেশের জনগণের মাথাপিছু আয় এবং জাতীয় আয় বাড়াতেও ভূমিকা রাখবে। ফলে সার্বিকভাবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সুতরাং, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব শিফাতের মতো উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।