"উদ্দীপকটি 'মানুষ' কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না।"- মন্তব্যটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"উদ্দীপকটি 'মানুষ' কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না।"- মন্তব্যটি যথার্থ। কারণ উদ্দীপকের বিষয় ছাড়াও 'মানুষ' কবিতায় নানাবিধ ভাবের প্রকাশ ঘটেছে।
মানুষের সঙ্গে মানুষের রয়েছে চিরন্তন ও অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু মানুষ নিজ স্বার্থের জন্য সেই সম্পর্ককে অস্বীকার করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে, যা মানবিকতাকে ধ্বংসের মুখে পাঠিয়ে দিচ্ছে। বস্তুত জাতি-ধর্মের পরিচয়ে নয়, মনুষ্যধর্মের পরিচয়ে পরিচিত হতে পারাটাই মানব জন্মের সার্থকতা।
উদ্দীপকের কবিতাংশ সাম্যবাদী চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সারা পৃথিবীকে তথা পৃথিবীর সব মানুষকে কবি নিজের পরিজন বলে ঘোষণা করেছেন। মানুষের সঙ্গে মানুষের কোনো বিভেদ তিনি স্বীকার করেননি। কবির এই সাম্যবাদী চেতনা 'মানুষ' কবিতার অন্যতম প্রধান উপজীব্য। তবে ওই বিষয় ছাড়াও কবিতায় নানামুখী ভাব ও বিষয়ের অবতারণা ঘটেছে।
'মানুষ' কবিতায় কবি সাম্যবাদী চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ চেতনা উদ্দীপকের প্রধান বিষয়। তবে কবিতায় ওই চেতনার প্রকাশ ঘটাতে গিয়ে কবি মানুষের মাঝের নানামুখী নেতিবাচক বৈশিষ্ট্যের দিকটি উন্মোচন করেছেন। এরই সূত্র ধরে কবি পৃথিবীর নানা ধর্ম, ধর্মগ্রন্থের প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি ধর্মের রক্ষকদের হীন মানসিকতা এবং তাদের স্বার্থান্ধ চিন্তা-চেতনার দিকটি তুলে ধরেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। কবিতায় মানুষের হৃদয়হীনতার যে দিকের প্রকাশ ঘটেছে সেটাও উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি 'মানুষ' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।