1 Answers
"উদ্দীপকে কুকুরের পরিচর্যায় নিযুক্ত ব্যক্তির মানসিকতা এবং 'নিয়তি' গল্পের লেখকের মায়ের মানসিকতা একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ।
প্রাণীর প্রতি মমত্ববোধের কারণে অনেকেই নানা ধরনের প্রাণী পোষে। তারা পোষা প্রাণীর নাম দেয় এবং সেই নাম ধরে ডাকে। পোষা প্রাণীর প্রতি তারা আলাদা আকর্ষণ বোধ করে। পোষা পশু-পাখির প্রতি তারা দয়া দেখায়। পোষা প্রাণীটি যন্ত্রণাকাতর হলে তারা কষ্ট পায় এবং প্রাণীটিকে সুস্থ করে তুলতে নানাভাবে চেষ্টা চালায়।
উদ্দীপকে পোষা কুকুরের প্রতি যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। এখানে আলোবাবু বিনুবাবুর কুকুরের যত্ন করেন। তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যা করেন। কারণ বিনুবাবু শখ করে কুকুর পুষলেও তার সেবা-যত্ন করতে জানেন না। আলোবাবু কুকুরের বাচ্চাটির চোখের পিচুটি পরিষ্কার করে দেন। কুকুরটির সাথে তিনি খেলেন। কুকুরটির মুখের সামনে তিনি টুসকি দেন। কুকুরটিও লেজ নেড়ে তার সঙ্গে খেলা করে। উদ্দীপকের কুকুরটির যত্ন নেওয়ার সঙ্গে 'নিয়তি' গল্পের কুকুরটির প্রতি লেখকের মায়ের যত্ন নেওয়ার বিষয়টির মিল আছে। লেখকের মা জগদলের রাজবাড়িতে থাকার সময় ঐ বাড়ির একমাত্র পাহারাদার একটি কুকুরের প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করেছেন। তিনি দিনে দুবার বেঙ্গল টাইগার নামের ঐ কুকুরটিকে খাবার দিতেন। মাটিতে দিলে খেত না বলে তিনি ঐ কুকুরকে থালায় খাবার দিতেন এবং আদর করে 'খাও' বলতেন। লেখকরা তিন ভাই-বোন মিলে যখন খেলা করতেন বেঙ্গল টাইগারও তাদের সঙ্গে থাকত।
'নিয়তি' গল্পে লেখকের মা জগদলের রাজবাড়িতে থাকতে গিয়ে সে বাড়ির কুকুরটি প্রতি আদর-যত্নের ক্ষেত্রে যে মানসিকতার পরিচয় দিয়েছেন তা উদ্দীপকের বিনুবাবুর কুকুরের প্রতি আলোবাবুর যত্ন নেওয়ার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই নিজের কুকুর না হলেও যত্নের কোনো ত্রুটি তাঁরা করেননি। তাঁরা উভয়েই পোষা-প্রাণীর প্রতি মমত্ববোধের পরিচয় দিয়েছেন। এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।