উদ্দীপক ও 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে আমাদের সামাজিক জীবন বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপক ও 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল কথা আমাদের সামাজিক জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের সোপান। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সার্বিক উন্নতির পথ উন্মুক্ত হয়। যারা অর্থ সাধনাকে জীবনের প্রধান বিষয় মনে করে তারা জীবনকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে না।
উদ্দীপকে মহৎ গুণাবলি অর্জনের পথে অবৈধভাবে সম্পদ অর্জনের প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে। অসীম চাহিদা পূরণের জন্য মানুষ যেকোনো কিছু করতে রাজি থাকে, যা মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে দেয় না। সমাজে এ ধরনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। উদ্দীপকের মতো 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও এই বিষয়টি উঠে এসেছে। এ প্রবন্ধে লেখক মানবজীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক তুলে ধরেছেন। তাঁর মতে প্রকৃত শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের অন্ন-বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল কথা হলো জীবসত্তার প্রয়োজনে অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। এ বিষয়টি আমাদের সমাজব্যবস্থায় নিশ্চিত করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সমাজের মানুষকে নিজেদের স্বার্থচিন্তা থেকে বেরিয়ে এসে যথার্থ শিক্ষা গ্রহণ করে মনুষ্যত্ব অর্জন করতে হবে। উদ্দীপকেও এ বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে যে ভাবের প্রকাশ ঘটেছে সেটা আমাদের সমাজব্যবস্থা এবং যাপিত জীবনের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ।