1 Answers
"উদ্দীপকের হাদির ভাবনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- মন্তব্যটি যথার্থ।
জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের মাধ্যম বা পথ হলো শিক্ষা। শিক্ষার আলোতে হৃদয় আলোকিত হয়, মানুষ অর্জন করে মনুষ্যত্ব। আর প্রকৃত শিক্ষার অভাবে মনুষ্যত্ব অর্জনের কাজটি অসমাপ্তই থেকে যায়। ফলে শিক্ষিত হয়েও মানুষ মনুষ্যত্বের অভাবে অন্ধকারেই থেকে যায়।
উদ্দীপকের হাদি শিক্ষিত হয়েও মনুষ্যত্ব বিবর্জিত। এ কারণে সে মানুষের ফাইল আটকে রেখে টাকা ঘুষ নিয়ে বাড়ি-গাড়ি করেছে। তার জন্য 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত প্রকৃত শিক্ষাই কাম্য ছিল; যে শিক্ষা তার ভেতরে মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলতে পারত। লেখক বলেছেন, মানুষের জীবন হলো একটি দোতলা ঘর। জীবসত্তা হলো সেই ঘরের নিচতলা আর মানবসত্তা বা মনুষ্যত্ব হলো সেই ঘরে উপরের তলা। এই জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে পৌছানোর মই হলো শিক্ষা। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মূল্যবোধ সৃষ্টি, যা উদ্দীপকের হাদির মধ্যে সৃষ্টি হয়নি।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মূল্যবোধসম্পন্ন মানুষ প্রত্যাশা করেছেন, যা প্রকৃত শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। আর উদ্দীপকের হাদি শিক্ষিত হলেও প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয়। তার শিক্ষায় মনুষ্যত্বের জাগরণ ঘটেনি। এ কারণে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।