1 Answers
ইসলামি জীবন গড়তে আল-কুরআনের তথা ইসলামি বিধান অনুসরণের বিকল্প নেই। সুতরাং নকীব ও রাকিব আল-কুরআনের অনুসরণে ইসলামি জীবন গড়তে পারে। কারণ ইসলামি বিধিবিধানের প্রথম এবং প্রধান উৎস আল-কুরআন। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যে বিষয়ে পবিত্র কুরআনে আলোচনা করা হয়নি।
কুরআন মজিদে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক ও ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক, বৈষয়িক ও আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় বিধিবিধান প্রদান করা হয়েছে। নকীব ও রাকিব যদি আল-কুরআন অধ্যয়ন করে এবং আল-কুরআনের এ সকল বিধিবিধান অনুসরণ করে তাহলে স্বাভাবিকভাবেই তাদের জীবন হবে ইসলামি জীবন। কারণ ইসলামি বিধিবিধানের উৎস হিসেবে আল-কুরআনই প্রথম এবং চূড়ান্ত। মহানবি (স.)-এর হাদিসে এ মহাগ্রন্থের বিধানসমূহের বিশ্লেষণ দেখতে পাই। পরবর্তীকালে মুসলিম মনীষিগণ সেগুলোর নানারকম প্রয়োগবিধি উদ্ভাবন করেছেন কিন্তু কেউই নতুন কোনো বিধান আবিষ্কার করেননি। আল-কুরআনের বিধিবিধানের বাইরে ইসলামের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। সুতরাং নকীব ও রাকিব আল-কুরআনের অনুসরণের মাধ্যমেই ইসলামি জীবন গড়তে পারে। পাশাপাশি কুরআনের বিধানের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জ্ঞানলাভের জন্য কুরআনের নির্দেশ অনুসারে এর সাথে তাদেরকে হাদিস, ইজমা ও কিয়াস মেনে চলতে হবে। মনে রাখা প্রয়োজন যে, হাদিস, ইজমা ও কিয়াস আল-কুরআনের মূলনীতি বিরুদ্ধ নয়।