1 Answers

উদ্দীপকের আলোকে সুমনের কৃত্রিম শ্রেণিকরণ এবং মামুনের বৈজ্ঞানিক শ্রেণিকরণের মধ্যে নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

১. প্রাকৃতিক শ্রেণিকরণে কতগুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বিষয়বস্তুর শ্রেণিবিন্যাস করা হয়। আর কৃত্রিম শ্রেণিকরণে কতগুলো অবান্তর, গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বিষয়বস্তুকে বিভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করা হয়।

২. প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। পক্ষান্তরে কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারিক বা বিশেষ সুবিধা লাভ করা। এককথায় প্রাকৃতিক শ্রেণিকরণ হলো বাস্তব ঘটনাসংক্রান্ত বৈজ্ঞানিক জ্ঞানের উৎস। আর কৃত্রিম শ্রেণিকরণ হলো ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির উৎস।

৩. প্রাকৃতিক শ্রেণিকরণে প্রকৃত বা অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বিষয়বস্তুর শ্রেণিবিন্যাস করা হয় বলে এরূপ শ্রেণিকরণ ব্যক্তিভেদে অভিন্ন হয়ে থাকে। অন্যদিকে কৃত্রিম শ্রেণিকরণে অবান্তর সাদৃশ্যের ভিত্তিতে বিষয়বস্তুর শ্রেণিবিন্যাস করা হয় বলে এরূপ শ্রেণিকরণ অনেক ক্ষেত্রেই ব্যক্তিভেদে ভিন্ন আকার ধারণ করে থাকে।

৪. প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে সাধারণ মানুষের সর্বজনীন উদ্দেশ্য সাধিত হয়। অপরপক্ষে কৃত্রিম শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তিবিশেষের বা সীমিতসংখ্যক ব্যক্তির বিশেষ বা ব্যবহারিক উদ্দেশ্য চরিতার্থ হয়।

৫. প্রাকৃতিক শ্রেণিকরণ হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। এজন্য এ পদ্ধতি সব মানুষ সমভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারে। অন্যদিকে কৃত্রিম শ্রেণিকরণ হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া। এজন্য এ প্রক্রিয়ার ব্যবহার ও প্রয়োেগ সব মানুষ একভাবে করতে পারে না, বরং এর ব্যবহার ও প্রয়োগ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।

৬. বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে প্রাকৃতিক শ্রেণিকরণ আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। ফলে এরূপ শ্রেণিকরণে যথেষ্ঠ পরিমাণে বৈজ্ঞানিক মূল্য ও গুরুত্ব নিহিত থাকে। অন্যদিকে অবৈজ্ঞানিক বা লৌকিক প্রক্রিয়া হিসেবে কৃত্রিম শ্রেণিকরণের কোনোরূপ বৈজ্ঞানিক মূল্য বা গুরুত্ব আছে বলে মনে করা হয় না।

৭. বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে প্রাকৃতিক শ্রেণিকরণে যথাযথভাবে বস্তুসমূহের শ্রেণিবিন্যাস করা যায়। অপরদিকে অবৈজ্ঞানিক বা ব্যবহারিক প্রক্রিয়া হিসেবে কৃত্রিম শ্রেণিকরণে অনেক সময় একই জাতীয় বস্তু ভিন্ন শ্রেণিতে অথবা ভিন্নজাতীয় বস্তু একই শ্রেণিতে বিন্যস্ত হতে পারে।

৮. প্রাকৃতিক শ্রেণিকরণ হচ্ছে সংজ্ঞাভিত্তিক। অপরদিকে কৃত্রিম শ্রেণিকরণ হলো নমুনাভিত্তিক।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, প্রাকৃতিক শ্রেণিকরণ এবং কৃত্রিম শ্রেণিকরণ একে-অপরের থেকে আলাদা।

4 views

Related Questions