'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ'- উক্তিটি উদ্দীপক ও গল্পের আলোকে ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ'- মন্তব্যটি যথার্থ।
সমাজে প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ তারা আমাদের নিকট আত্মীয়, প্রতিবেশী, পরিজন। আমাদের উচিত তাদের দুঃখ-কষ্ট দূর করা, তাদেরকে দেশের উন্নয়নের জন্য যোগ্য করে গড়ে তোলা।
উদ্দীপকে প্রতিবন্ধীদের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। জাহেদী সাহেব প্রতিবন্ধীদের স্বাভাবিক মানুষের মতো কর্মক্ষম করে গড়ে তোলার কথা ভেবেছেন। আর লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনুরূপভাবে 'সুভা' গল্পের মধ্য দিয়ে লেখক মানুষের সহানুভূতি জাগিয়ে তুলে প্রতিবন্ধী মানুষের জন্য একটি আশ্রয়ের জগৎ তৈরি করতে চেয়েছেন। তাঁদের উভয়ের প্রত্যাশার মধ্যে প্রতিবন্ধীদের বোঝা না মনে করে সম্পদ হিসেবে বিবেচনা করার ইঙ্গিত রয়েছে। তাঁরা চেয়েছেন যে, প্রতিবন্ধীরা সমাজে স্বাভাবিক মানুষের মতো মর্যাদা লাভ করুক এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করুক।
'সুভা' গল্পে সুভা কথা বলতে পারে না। তার অনুভূতি ও অনুধাবন ক্ষমতা স্বাভাবিক মানুষের চেয়ে কম নয়। লেখক বলেছেন- "কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না।" প্রকৃতির সঙ্গে গভীর ভাবের মধ্যে তার প্রকৃতিপ্রীতি এবং কথা না বলতে পারায় সবার অবহেলার কষ্ট ভুলে থাকার দিকটি ফুটে উঠেছে। সে মনে মনে প্রতাপকে ভালোবেসেছে। তাই তার জন্য পান বানিয়ে নিয়ে গেছে। বাবার সঙ্গে কলকাতায় যাওয়ার আয়োজনের সময়ও সে প্রতাপকে মনে মনে প্রত্যাশা করেছে। সুভার মতো সব প্রতিবন্ধীই স্বাভাবিক মানুষের মতো আচরণ ও অধিকার প্রত্যাশা করে। আর তা দিতে পারলেই তারা আর বোঝা হয়ে থাকে না। উদ্দীপকে এই বিষয়টিই নির্দেশিত হয়েছে।