একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য জনাব জাহিদের করণীয় কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আমরা জানি, যিনি ইসলামের মূল বিষয়গুলো অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন এবং সে অনুসারে আমল করেন তিনি হলেন মুমিন। কাজেই জনাব জাহিদকে প্রকৃত মুমিন হতে হলে ইসলামের মূল বিষয়গুলো অন্তরে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং যথাযথ আমল করতে হবে।
এখন দেখা যাক, ইসলামের বা ইমানের মূল বিষয়গুলো হলো: ১. এক আল্লাহতে বিশ্বাস, ২. ফেরেশতাকুলে বিশ্বাস, ৩. আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস, ৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস, ৫. আখিরাতে বিশ্বাস, ৬. তকদিরে বিশ্বাস, ৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস।
এক আল্লাহতে বিশ্বাসের অর্থ হলো তিনি এক ও অদ্বিতীয়। তাঁর সমকক্ষ কেউ নেই। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা একমাত্র তিনিই। সুতরাং ইবাদতের মালিক হিসেবে একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে। ফেরেশতারা আল্লাহর বিশেষ সৃষ্টি, নূরের তৈরি। তাঁরা সবসময় আল্লাহর আনুগত্য করেন, তিনি যা নির্দেশ দেন তা পালন করেন। তাঁরা নরও নন, নারীও নন। আল্লাহ তায়ালা মানবজাতির মুক্তির জন্য অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। প্রেরিত নবি-রাসুলগণকে আসমানি গ্রন্থসহ মানবজাতির নিকট প্রেরণ করেন। এসব গ্রন্থের ওপর বিশ্বাস রাখা মুসলমান মাত্রই অপরিহার্য। নবি-রাসুলগণ আল্লাহর পক্ষ থেকে মানুষকে সঠিক পথপ্রদর্শনের জন্য প্রেরিত পুরুষ। আখিরাতে বিশ্বাসের মানে হলো, পৃথিবীর জীবনই শেষ নয়, আখিরাত বা পরকাল নামে আরও একটি অনন্ত জীবন রয়েছে। পরকালীন জীবনে প্রত্যেককে এ পৃথিবীর ভালো ও মন্দ কাজের জবাবদিহি করতে হবে এবং সে অনুযায়ী ফল পাবে। তকদির বা ভাগ্যের প্রতি বিশ্বাসের মানে আল্লাহই তকদির বা ভাগ্যের নিয়ন্ত্রণকারী। তিনিই ভাগ্যের ভালোমন্দ নির্ধারণ করেন। মানুষের কাজ হলো চেষ্টা সাধনা করা আর আল্লাহর ওপর নির্ভর করা। চেষ্টায় সফল হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বিফল হলে ধৈর্যধারণ করা। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসের মানে এ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষকে আবার হাশরের ময়দানে পুনর্জীবিত করা হবে। সেখানে, সকল কাজের বিচার হবে। বিচারে যারা কৃতকার্য হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে আর যারা অকৃতকার্য হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
পরিশেষে বলা যায়, জনাব জাহিদ ইসলামের মূল বিষয়গুলো অন্তরে বিশ্বাস করে, মৌখিকভাবে তা স্বীকৃতি দিয়ে এবং তদনুযায়ী কাজে বাস্তবায়ন করে একজন পূর্ণ মুমিন হতে পারবে।