1 Answers
ইমাম সাহেবের মন্তব্যে আখিরাতে বিশ্বাস ফুটে উঠেছে।
আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে; কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে এবং কৃতকর্মের প্রতিদান ভোগ করবে।
উদ্দীপকে ইমাম সাহেব তার বক্তব্যে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন। নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা অপরিসীম। আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুলত্রুটি শোধরিয়ে নিয়ে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আখিরাতে ভালো কাজের জন্য রয়েছে জান্নাতের অনাবিল সুখ-শান্তি। আর মন্দ কাজের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। তাই আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের আশায় দুনিয়াতে যাবতীয় অন্যায়, পাপাচার থেকে বিরত থাকে এবং সর্বদা সৎকাজে মশগুল থাকে। ফলে তার জীবন নৈতিকতায় পরিপূর্ণ হয়ে ওঠে।
পরিশেষে বলা যায়, আখিরাতে বিশ্বাস মানুয়কে ছোট-বড়, প্রকাশ্য-অপ্রকাশ্য সব ধরনের অন্যায় থেকে বিরত রাখে এবং পাপমুক্ত, সৎকর্মশীল ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে।