উদ্দীপকে জনাব মজিদের কাজকে যা বলা হয় তার সাথে 'ব্যাখ্যা'র সম্পর্ক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে জনাব মজিদের শ্রেণিকরণের সাথে ব্যাখ্যার সম্পর্ক নিচে বিশ্লেষণ করা হলো-
জাগতিক বস্তু বা ঘটনাসমূহ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে মানসিকভাবে একত্রিত করার প্রক্রিয়াই হচ্ছে শ্রেণিকরণ। অন্যদিকে ব্যাখ্যারও মূল লক্ষ্য হচ্ছে ঘটনাসমূহের মধ্যে সাদৃশ্য নির্ণয় করে কম ব্যাপক ঘটনাকে ব্যাপকতর ঘটনার অন্তর্ভুক্ত করা। এদিক থেকে শ্রেণিকরণের সাথে ব্যাখ্যার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এ কারণেই যুক্তিবিদ কার্ডেথ রিড বলেছেন, ব্যাখ্যা হচ্ছে এক ধরনের শ্রেণিকরণ। কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে যেমন একটি ঘটনাকে অন্য একটি ঘটনার সাথে সংযুক্ত করে নিম্নতর ঘটনাসমূহকে উচ্চতর ঘটনার অন্তর্ভুক্ত করা হয়, তেমনি শ্রেণিকরণের ক্ষেত্রেও বস্তু বা ঘটনাসমূহের মধ্যে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সেগুলোকে সংযুক্ত করে একটি শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়। এদিক থেকে শ্রেণিকরণ ও ব্যাখ্যা উভয়ের মধ্যেই রয়েছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তিকরণ এবং উভয়েরই লক্ষ্য কম ব্যাপক ঘটনা থেকে অধিক ব্যাপক ঘটনার দিকে অগ্রসর হওয়া। তবে শ্রেণিকরণ ও ব্যাখ্যা পরস্পর সম্পর্কিত হলেও এদের মধ্যে কিছু পার্থক্যও পরিলক্ষিত হয়। যেমন :
এক, শ্রেণিকরণে বস্তু বা ঘটনাসমূহের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখানো হলেও এগুলোর কারণ নির্ণয় করা হয় না। কিন্তু ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের কারণ নির্ণয় করার পাশাপশি কারণটিকে বর্ণনাও করা হয়।
দুই, শ্রেণিকরণে পূর্ববর্তী ঘটনার সাথে অনুবর্তী ঘটনার সম্বন্ধ নির্ণয় করা হয় না। অথচ ব্যাখ্যার ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনার সাথে সম্বন্ধ পর্যালোচনার মাধ্যমেই অনুবর্তী ঘটনার কারণ নির্ণয় করা হয়।
তিন, শ্রেণিকরণের ক্ষেত্রে প্রকৃতিতে একটি ঘটনা যেভাবে ঘটে তাকে সেভাবেই গ্রহণ করা হয়। এদিক থেকে শ্রেণিকরণের ভাষা হলো, 'এটা এভাবেই ঘটে।' অন্যদিকে ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনার কারণকে অনিবার্য হিসেবে গ্রহণ করা হয়। এদিকে থেকে ব্যাখ্যার ভাষা হলো, 'এটা এভাবে ঘটতে বাধ্য।'