উদ্দীপকে সৌমিকদের এলাকার সংস্থাটির কাজকে যা বলা হয় তার শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে সৌমিকদের এলাকার সংস্থাটির কাজকে যা বলা হয় তা হলো- প্রকল্প গঠনের সর্বশেষ স্তর পরীক্ষামূলক সমর্থন। নিচে পরীক্ষামূলক সমর্থনের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করা হলো-
১। প্রত্যক্ষ সমর্থন: কোনো প্রকল্প সরাসরি সমর্থিত হলেই তাকে প্রত্যক্ষ সমর্থন বলা হয়, যা পরীক্ষণ ও নিরীক্ষণ- এ দুটি পদ্ধতির মাধ্যমে করা যায়।
* নিরীক্ষণের মাধ্যমে সমর্থন: এমন অনেক প্রকল্প আছে, যেগুলোকে নিরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়। যেমন: ইউরেনাস গ্রহ তার চলার পথে নির্দিষ্ট স্থানে বেঁকে যায় দেখে বিজ্ঞানীরা প্রকল্প করলেন, ঐ স্থানে অন্য কোনো গ্রহের অবস্থান আছে; পরবর্তীকালে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিরীক্ষণ করে দেখা গেল, প্রকৃতই ওই স্থানে একটি গ্রহ আছে, আর তা হলো নেপচুন গ্রহ। বস্তুত, এভাবেই আলোচ্য প্রকল্পটি নিরীক্ষণের মাধ্যমে প্রত্যক্ষভাবে সমর্থিত হয়ে প্রমাণিত হয়।
* পরীক্ষণের মাধ্যমে সমর্থন: এমন অনেক প্রকল্প আছে যেগুলো পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়; যেমন: 'বায়ু হচ্ছে শব্দের কারণ'- এ প্রকল্পটিকে পরীক্ষা করে দেখা গেল, বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টার শব্দ শোনা যায়, কিন্তু বায়ুশূন্য পাত্রে শোনা যায় না। আর এ থেকেই আলোচ্য প্রকল্পটির সত্যতা প্রমাণিত হলো, যা মূলত পরীক্ষণ দ্বারা প্রত্যক্ষভাবে সমর্থিত হয়েছে।
২। পরোক্ষ সমর্থন: যেসব প্রকল্পকে প্রত্যক্ষভাবে প্রমাণ করা যায় না, সেগুলোকে পরোক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণ করা সম্ভব; এ ক্ষেত্রে অবরোহ পদ্ধতি ও সুসংগত ঘটনা সংকলন প্রয়োগ করা হয়।
* অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন: এমন কিছু প্রকল্প আছে, যেগুলোকে কেবল অবরোহ পদ্ধতি প্রয়োগে তার চেয়ে ব্যাপক কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রমাণ করা যায়। যেমন: 'বায়ুর চাপই চাপমান যন্ত্রে পারদের উত্থানের কারণ' বিজ্ঞানী টরিসেলির এই ব্যাপকতর প্রকল্পটির অন্তর্ভুক্ত করে বিজ্ঞানী প্যাসকেল একটি কম ব্যাপক প্রকল্প গঠন করলেন, 'যে স্থানে বায়ুর চাপ কম সেখানে পারদের উত্থানও কম।' পরে তিনি বিষয়টি পরীক্ষা করে দেখান, পাহাড়ের চূড়ায় পারদ কম উত্থিত হয়েছে, কেননা উঁচু স্থানে বায়ুর চাপ কম। আর এভাবেই প্রকল্পটি অবরোহ পদ্ধতি দ্বারা পরোক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
* সুসংগত ঘটনা সংকলনের মাধ্যমে সমর্থন: কোনো প্রকল্প বাস্তবের সঙ্গে পরোক্ষ উপযোগিতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ হলে এবং এতে কোনো বিপরীত দৃষ্টান্ত না থাকলে প্রকল্পটি সুসংগত ঘটনা সংকলন দ্বারা সমর্থিত হয়েছে বলা যায়। যেমন : 'ইথার' জাতীয় ইন্দ্রিয়াতীত বিষয়ের অস্তিত্ব প্রথমে স্বীকার করে নিয়ে একে রেডিও, টিভির উপযোগিতার ভিত্তিতে পরোক্ষভাবে সমর্থন করা যায়; অর্থাৎ টিভিতে ছবি দেখার এবং রেডিওর শব্দ শোনার মাধ্যম হিসেবে 'ইথার' সম্পর্কিত প্রকল্পটি হচ্ছে সুসংগত ঘটনা সংকলনের ফল। আর এভাবেই 'ইথার' জাতীয় প্রকল্প সুসংগত ঘটনা সংকলন দ্বারা পরোক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে।