1 Answers
উদ্দীপকে ফকিরের প্রকল্প হলো কাজ চালানো প্রকল্প এবং ডাক্তারের প্রকল্প হলো সংকট উত্তরক পরীক্ষণ। নিচে এই দু'ধরনের প্রকল্পের তুলনামূলক বিচার করা হলো-
কাজ চালানো প্রকল্পের স্বরূপ সম্পর্কে বলা যায়, কোনো অপরিচিত নতুন ঘটনা ব্যাখ্যা করার জন্য এ সম্পর্কে যথার্থ ধারণা না থাকার ফলে আপাতত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন অসম্পূর্ণ কোনো আনুমানিক ধারণা সাময়িকভাবে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়, তখন সেই আনুমানিক ধারণাকে বলা হয় 'কাজ চালানো প্রকল্প'। বস্তুত অনেক সময় প্রকৃতিতে এমন সব জটিল ও নতুন ধরনের ঘটনা দেখা যায়, যেগুলো সম্পর্কে কোনোরূপ প্রকল্প গঠন করা আমাদের পক্ষে কঠিন এবং অসম্ভব হয়ে পড়ে। অথচ অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে এগুলোর জন্য কোনো না প্রকল্প গঠন করতেই হয়। এরূপ অবস্থায় আপাতত কাজ চালানোর উদ্দেশ্যে অনুমানের উপর নির্ভর করে যে প্রকল্প গঠন করা হয়, তাকে কাজ চালানো প্রকল্প বলে। যেমন: উদ্দীপকে রেখা সম্পর্কে ফকির জ্বীনে ধরেছে বলে যে ধারণা করে তা হলো কাজ চালানো প্রকল্প। তবে পরবর্তীকালে এ সম্পর্কিত কার্যকর কোনো প্রকল্প গঠন করা সম্ভব হলে কাজ চালানো প্রকল্প বাতিল করে দেওয়া হয়।
অপরদিকে একটি প্রকল্প প্রমাণিত হওয়ার জন্য, একে অনন্য প্রকৃতির হতে হয়। অনেক সময় একটি ঘটনার কারণ হিসেবে একাধিক প্রকল্পকে বৈধতার শর্তপূরণ সাপেক্ষে গ্রহণ করার প্রয়োজন হয়। এমতাবস্থায় যে প্রকল্পটি তার সমকক্ষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে নিজেকে একমাত্র ব্যাখ্যাকারীরূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম, সেই প্রকল্পটিই প্রমাণিত হয়ে নিয়ম বা মতবাদের পর্যায়ে উন্নীত হতে পারে। তবে নিজেকে অন্যন্য হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রকল্পটিকে বিশেষ কোনো দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এরূপ নির্ধারক দৃষ্টান্ত যখন পরীক্ষণের মাধ্যমে সংগৃহীত হয় তখন তাকে বলে 'সংকট উত্তরক পরীক্ষণ' বা 'চরম পরীক্ষণ'। যেমন: উদ্দীপকে রেখার মানসিক সমস্যার কারণ নির্ণয়ে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন যে তার মস্তিষ্কের একটি ভেইন শুকিয়ে গেছে, যার কারণে সে অস্বাভাবিক আচরণ করছে। এখানে ডাক্তারের পরীক্ষণ প্রক্রিয়া হলো 'সংকট উত্তরক পরীক্ষণ'"।
সুতরাং উপরের আলোচনা থেকে একথা প্রতীয়মান হয় যে, ফকির ও ডাক্তারের প্রকল্পের মধ্যে ডাক্তারের প্রকল্প অধিক যুক্তিসংগত।