1 Answers
প্রসব আরম্ভের লক্ষণ
প্রসব শুরু হওয়ার ৪টি লক্ষণ রয়েছে
- প্রসব বেদনা ও সঙ্গে সঙ্গে জরায়ুর সংকোচন
- যোনীপথে রক্ত মিশ্রিত স্রাব বের হওয়া
- জরায়ুর মুখ খুলে যাওয়া
- পানিপূর্ণ থলি
প্রসব বেদনা
একজন গর্ভবতীর প্রসব বেদনা ছাড়াও অন্যান্য অনেক কারণে পেটে ব্যথা হতে পারে৷ প্রসব বেদনা হলে ব্যথার সঙ্গে জরায়ুও সংকুচিত হবে৷ জরায়ুর সংকোচন হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে, যখন ব্যথা হয় ঠিক তখনই জরায়ুও সংকুচিত হয়৷ তখন পেটে হাত দিলে অনুভব করা যাবে যে জরায়ু শক্ত হয়ে আছে৷ আর ঠিক তার পরক্ষণেই যখন ব্যথা নেই অর্থাত্ জরায়ু স্বাভাবিক অবস্থায় রয়েছে তখন পেটে চাপ দিলে হাতে অনুভব করা যাবে যে জরায়ু নরম হয়ে আছে৷
প্রসব বেদনার আরো একটি চরিত্র আছে৷ এই ব্যথা একবার আসে আর চলে যায়, আবার আসে৷ এটা বারবার হতে থাকে৷ সময় যত যায় বেদনার তীব্রতা তত বাড়তে থাকে এবং দুই ব্যথার মাঝখানে বিরতির সময়ও কমে আসতে থাকে৷ প্রসব বেদনা শুরু হয় পিঠের দিকে এবং ধীরে ধীরে তা সামনের (উরুর) দিকে এগিয়ে আসে৷
যোনিপথে রক্ত মিশ্রিত স্রাব নির্গমণ
প্রসব বেদনা শুরু হলে যোনিপথ থেকে অল্প অল্প পরিমাণ রক্ত মিশ্রিত স্রাব বের হতে থাকে৷ একে চিকিত্সা পরিভাষায় শো বলে৷ গর্ভাবস্থায় জরায়ুর মুখ সাধারণত ঢাকা থাকে৷ ঢাকনাটি জরায়ুর মধ্যের শিশুটিকে সংক্রমণ থেকে রক্ষা করে৷ এই ঢাকনাটি প্রসবের আগে খুলে বেরিয়ে আসে এবং তখনই এই রক্তস্রাব শুরু হয়৷
জরায়ুর মুখ খুলতে থাকা
গর্ভকালে জরায়ু মুখ পুরোপুরি বন্ধ থাকে কিন্তু প্রসব বেদনা শুরু হলেই জরায়ুর মুখ ধীরে ধীরে খুলতে শুরু করে৷
পানিপূর্ণ থলি
গর্ভস্থ শিশু একটি থলির মধ্যে থাকে৷ থলিটা একটি বিশেষ জলীয় পদার্থে ভর্তি থাকে৷ প্রসবকালে জরায়ুর মুখ খুলে গেলে গর্ভফুলের পর্দা কিছু পরিমাণ ঐ জলীয় পদার্থসহ জরায়ুর মুখ দিয়ে দিয়ে নিচের দিকে ঝুলে পড়ে৷ শিশু ভূমিষ্ঠ হবার পূর্বে এই পানির থলি ভেঙে যায় এবং যোনিপথে পানির মতো জলীয় পদার্থ বের হয়ে আসে৷