উদ্দীপকে উল্লেখিত বিষয়টি নাগরিক সমস্যার সমাধানে সহায়ক- তুমি কি একমত? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক- এ কথাটির সঙ্গে আমি একমত।
আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলি, আচার-আচরণ এবং তাদের সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা- পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের নির্দেশনা দান করে তাই হলো পৌরনীতি ও নাগরিকতা। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট-এর মতে, 'পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।'
উদ্দীপকে বলা হয়েছে, পৌরনীতি ও নাগরিকতা অধ্যয়নের মাধ্যমে নাগরিক সচেতনতাবোধ জাগ্রত হয়। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বিষয়টি নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা, যেমন- জনসংখ্যা, নিরক্ষরতা, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত দুর্ভোগ, সন্ত্রাস, নারী নির্যাতন, যৌতুক প্রভৃতি সমস্যার কারণ এবং এসব থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি অধ্যয়ন করলে নাগরিকরা এসব সমস্যা সম্পর্কে জানতে পারেন এবং তা সমাধানে প্রয়োজনীয় সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
উপরের আলোচনা থেকে বোঝা যায়, পৌরনীতি পাঠ করলে নাগরিকদের জন্য বিভিন্ন সমস্যা সমাধান করা সহজ হয়ে যায়। তাই নিঃসন্দেহে বলা যায়, পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিক সমস্যা সমাধানে সহায়ক।