1 Answers
পরিবারের কার্যাবলি বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, সুজন ও হেলেনার কাজের ধরন এক রকম নয়।
উদ্দীপকের সুজন মাছ চাষ করে অর্জিত আয় দিয়ে সংসার চালান। সুজন সংসার চালাতে গিয়ে যে কাজটি করছেন তা পরিবারের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। কেননা যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করে। আদিম সমাজেও পরিবারকে কেন্দ্র করে খাদ্যসংগ্রহ, পশু-পাখি শিকার এবং পরবর্তী সময়ে কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হতো।
অন্যদিকে, হেলেনা ছেলেমেয়েদের লেখাপড়া দেখাশোনার পাশাপাশি মাঝেমাঝে গানের স্কুলে নিয়ে যান। কখনো কখনো বাড়িতে গানের অনুষ্ঠানেরও আয়োজন করেন। হেলেনার কাজের মাধ্যমে পরিবারের 'শিক্ষামূলক' ও 'বিনোদনমূলক' কাজের বিষয়ে ইঙ্গিত রয়েছে। শিশু বিদ্যালয়ে যাওয়ার আগেই সাধারণত পরিবার তাকে বর্ণমালা, শিষ্টাচার ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রাথমিক শিক্ষা দেয়। উদারতা, সততা, সহানুভূতি ইত্যাদি মানবিক গুণ আমরা পরিবারেই অর্জন করি। শিশুর মধ্যে এসব বোধ জাগানো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। আবার পরিবারের সদস্যদের সঙ্গে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি-সিনেমা- নাটক দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি পরিবারের বিনোদনমূলক কাজ।
পরিশেষে বলা যায়, সুজন সংসার চালাতে গিয়ে যে কাজটি করছেন তা পরিবারের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আর হেলেনার কাজের মাধ্যমে পরিবারের বিনোদনমূলক ও শিক্ষামূলক কাজের বহিঃপ্রকাশ ঘটেছে।