1 Answers
হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত দাবি অর্থাৎ ছয় দফা দাবির সাথে লাহোর প্রস্তাবের সম্পর্ক পরিলক্ষিত হয়।
১৯৪০ সালে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার দাবি জানান। তার তত্ত্বের আলোকে ১৯৪০ সালে ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের সম্মেলন বাংলার নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন। এতে বলা হয়, ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠিত হবে। এই স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘোষিত ছয় দফা দাবিতে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি জানান।
পাকিস্তান আমলে পশ্চিমা শাসকগোষ্ঠীর অত্যাচার ও শোষণ থেকে রক্ষার জন্য এই অঞ্চলের রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি ঘোষণা করেন। এতে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের সংবিধান রচনার দাবি জানান। পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার গঠন করে প্রদেশগুলোকে প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক ছাড়া অন্য সব ক্ষমতা ছেড়ে দিতে বলেন। অর্থাৎ তিনি পাকিস্তানের প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি জানান। লাহোর প্রস্তাবেও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ ছিল।
উপরের আলোচনায় প্রমাণিত হয়, লাহোর প্রস্তাব এবং বঙ্গবন্ধুর হয় দফা দাবিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। উভয়টির লক্ষ্য ছিল মানুষকে শাসকশ্রেণির শোষণ থেকে মুক্ত করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।