1 Answers
উদ্দীপকে দুটি রাষ্ট্র বলতে পাকিস্তান ও ভারতকে বুঝানো হয়েছে।
ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।
মোহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে পূর্ব বাংলা ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। অথচ একমাত্র ধর্ম ছাড়া দুই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ, ভাষা, সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের কোনো মিল ছিল না। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে পাকিস্তানের যে রূপরেখা দেওয়া হয়েছিল তাতে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা ছিল। লাহোর প্রস্তাবের উত্থাপক মুসলিম লীগের বাঙালি নেতা এ. কে. ফজলুল হক বলেছিলেন, বাংলার শাসন ক্ষমতা কোনোমতেই কোনো কাল্পনিক ও অজানা কেন্দ্রীয় কর্তৃত্বের হাতে তুলে দেওয়া যায় না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম থেকেই অখন্ড পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর ছিলেন। ১৯৪৬ সালে মুসলিম লীগের দিল্লি কনভেশনে সুকৌশলে লাহোর প্রস্তাব সংশোধন করে 'Independent States'-এর জায়গায় 'Independent State' করে এককেন্দ্রিক পাকিস্তানের কাঠামো গ্রহণ করা হয়। এর ব্যাখ্যায় জিন্নাহ বলেন, States শব্দটিই ভুল করে State হয়েছে। এভাবে শেষ পর্যন্ত দুই অঞ্চলের মধ্যে বহু পার্থক্য এবং হাজার মাইলের বেশি দূরত্ব থাকা সত্ত্বেও দুটি সম্পূর্ণ পৃথক ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্র জন্মলাভ করে।