1 Answers
তারেকের তালিকায় যে বিপ্লবী মহিলা নেতা রয়েছে তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। সশস্ত্র আন্দোলনে এ নারীর অবদান অনস্বীকার্য।
১৯৩০ সালে সমগ্র বাংলা জুড়ে অনেক বিপ্লবী দল সংগ্রামরত ছিলেন। এসব বিপ্লবী দলের সদস্যরা বিশ্বাস করতেন যে, কেবল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা অর্জিত হতে পারে। এক্ষেত্রে ভারতের স্বাধীনতা সংগ্রামের গোপন দলিলপত্র পাঠ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবে উদ্বুদ্ধ হন। তিনি ছিলেন সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য। তিনি টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস এবং রিজার্ভ পুলিশ লাইন দখল অভিযানে যুক্ত ছিলেন। জালালাবাদ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন।
১৯৩০ সালে প্রীতিলতা কোলকাতায় আলীপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজবন্দি রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে যথাসময়ে তা পালন করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 'কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ' এমন অবমাননামূলক কথার জন্য ক্লাবটির দুর্নাম ছিল। ক্লাব আক্রমণ সফল করে ফিরে যাওয়ার সময় প্রীতিলতা গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, প্রীতিলতার ভূমিকা ও আত্মদান সশস্ত্র সংগ্রামকে যেমন উজ্জীবিত করেছিল তেমনি এটি যুগ যুগ ধরে বিপ্লবীদের অনুপ্রেরণা দেবে।