1 Answers
উদ্দীপকে উল্লিখিত মানবদেহের অভ্যন্তর থেকে নিঃসৃত রসটি হলো হরমোন। হরমোন দেহের বিভিন্ন বিপাকীয় শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নিচে মানব প্রজননে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করা হলো-
মানবদেহের কিছু গ্রন্থি আছে যা প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে। গ্রন্থিগুলো হলো- পিটুইটারি, থাইরয়েড, অ্যাডরেনাল, শুক্রাশয়ের অনাল গ্রন্থি, ডিম্বাশয়ের অনাল গ্রন্থি এবং অমরা। পিটুইটারি নিঃসৃত হরমোনগুলো জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ করে, মাতৃদেহের স্তনগ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন দৈহিক এবং মানসিক বৃদ্ধি ও যৌনলক্ষণ প্রকাশ করে। অ্যাডরেনাল গ্রন্থির নিঃসৃত হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন (টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন) শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন মেয়েদের ঋতুচক্র নিয়ন্ত্রণ, ডিম্বাণু উৎপাদন এবং গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অমরা থেকে নিঃসৃত গোনাডোট্রপিক ও প্রোজেস্টেরন হরমোন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।