1 Answers
মাননীয় মন্ত্রীদ্বয়ের দেশের যে কাজগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন, এ ধরনের কাজ হচ্ছে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ।
রাষ্ট্রকে সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং স্বাস্থ্য সুবিধা প্রদান রাষ্ট্রের অন্যতম কল্যাণমূলক কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, নারী শিক্ষার ওপর গুরুত্বসহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে ও নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, রাষ্ট্র তার নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে (বিনামূল্যে ও স্বল্প খরচে) হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশুসদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা ও পরিচালনা করে। তাছাড়া জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টীকা প্রদান প্রভৃতি সেবাও রাষ্ট্র প্রদান করে। উদ্দীপকে মাননীয় মন্ত্রীদ্বয়ের কার্যাবলির মধ্যেও উল্লিখিত কল্যাণমূলক কাজের প্রতিফলন দেখা যায়। সুতরাং বলা যায়, মন্ত্রীদ্বয়ের কাজগুলো রাষ্ট্রের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত।