দৃশ্যকল্প-১ এ উল্লিখিত কাজটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
দৃশ্যকল্প-১-এ উল্লিখিত কাজটি রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলিকে ইঙ্গিত করে।
রাষ্ট্রের ভূমিকা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়েই সীমাবদ্ধ নয়; বরং আধুনিক কল্যাণ রাষ্ট্র সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ থেকে মানবজীবনের সামগ্রিক কল্যাণ সাধন করে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ ধরনের কাজগুলো কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। দেশের অবকাঠামোগত উন্নয়ন, যথা- রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, মেট্রোরেল, নৌচলাচল, বিমান যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ মিলির এলাকায় মেট্রোরেল নির্মাণ এর কাজও তদ্রুপ রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। বর্তমানে বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে যার প্রতিচ্ছবি মিলির এলাকাতেও দৃশ্যমান। মেট্রোরেল নির্মাণের ফলে মিলির এলাকার পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন, সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের উন্নতির জন্য অপরিহার্য। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যতবেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলি ততবেশি বিস্তৃত। জনগণের চাহিদা অনুযায়ী বিশ্বের কল্যাণকামী রাষ্ট্রের মতো বাংলাদেশেও রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যানমূলক কাজের পরিধি দিন দিন ব্যাপক ও বিস্তৃত হচ্ছে যার প্রতিফলন মিলির এলাকায় মেট্রোরেল নির্মাণের মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। সুতরাং, দৃশ্যমান-১-এ উল্লিখিত কাজটি রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলিকেই ইঙ্গিত করে।