1 Answers
যুক্তফ্রন্টের দেওয়া প্রতিশ্রুতি বাঙালি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছিল। প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ সত্য বলে বিবেচিত হয়।
যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে ২১ দফাভিত্তিক নির্বাচনি ইশতেহার প্রণয়ন করে। যুক্তফ্রন্ট এ কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে। যুক্তফ্রন্ট প্রণীত ২১ দফা ছিল মূলত পূর্ব বাংলার জনগণের স্বায়ত্তশাসনের দাবি। যে কারণে পূর্ব বাংলার জনসাধারণ যুক্তফ্রন্টের ২১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। ফলে ১৯৫৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাধিক্যে জয়লাভ করে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ মাত্র ৯টি লাভ করে। বাকি আসন অন্যরা পায়। এ নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। মুসলিম লীগের ষড়যন্ত্রের রাজনীতি, বৈষম্য ও নির্যাতনমূলক নীতির পরিণামে পূর্ব বাংলার মানুষের মুসলিম লীগের প্রতি মোহভঙ্গ ঘটে। সকল প্রাদেশিক মন্ত্রী এ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। পরিশেষে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে।