"উক্ত নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিকে সুদৃঢ় করে।" উক্তিটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাংলা ইতিহাসের পথপরিক্রমায় ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এক উল্লেখযোগ্য ঘটনা।
পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের আচরণ ছিল অনেকটা বিমাতাসুলভ। তারা প্রথমেই আঘাত হানে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর। উর্দুকে পাকিস্তানের একমাত্র ভাষা হিসেবে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করে। কিন্তু বাঙালিরা এর বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলে এবং দাবি মানতে বাধ্য করে। ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী যে চেতনার সূত্রপাত হয় তাতে সমর্থন যোগায় যুক্তফ্রন্টের নির্বাচন। যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারের ২১ দফার প্রথম দাবিটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এরূপ দাবি বাঙালি জাতিকে যুক্তফ্রন্টের প্রতি সমর্থন যোগাতে সহায়তা করে। বাঙালিদেরকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। সবাইকে একই জাতীয়তাবাদী ধ্যানধারণায় প্রলুব্ধ করে। বাঙালিদেরকে শাসন কায়েমে উৎসাহিত করে। স্বাধিকার আদায়ের পথকে মসৃণ করে তোলে। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা দেয়। পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের শাসন-শোষণ থেকে মুক্ত হওয়ার পথে আশার আলো জাগায়। অর্থাৎ বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে ভিত্তির সূচনা হয়েছিল, যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে তা আরও সুদৃঢ় হয়েছিল।