1 Answers

ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা, এ আন্দোলনের সফলতায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি পরবর্তী সকল আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ, বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি সরকারের অবহেলা, নির্যাতন, বঞ্চনা ও শোষণের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল, পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। এ আন্দোলনের ফলেই সম্ভব হয় ষাটের দশকের স্বাধিকার আদায়ের রাজনৈতিক আন্দোলন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে স্বায়ত্তশাসনের দাবি থেকে স্বাধীনতার দাবি এবং তারই ফলে বীর বাঙালি মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নিঃসন্দেহে ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির দেশপ্রেম ও জাতীয়তাবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

5 views

Related Questions