1 Answers
আকাশ সাহেবের নির্বাচনের সাথে পাঠ্যবইয়ের ১৯৭০ সালের নির্বাচন সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তান আমলে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। উদ্দীপকেও স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের মাধ্যমে এ নির্বাচনের প্রতিফলন লক্ষ করা যায়। ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলে ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন। তিনি ২৮ মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেও এ নির্বাচন নিয়ে নানা আশঙ্কা ছিল। অবশেষে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ কোটি ৬৪ লক্ষ ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানের ছিল ৩ কোটি ২২ লক্ষ। এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬৯ আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। এককভাবে আওয়ামী লীগ সরকার গঠনের গণরায় লাভ করলেও কেন্দ্রীয় সরকার তাদের সরকার গঠন করতে দেয়নি। তাই বলা যায়, উদ্দীপকে আকাশ সাহেবের নির্বাচন পাঠ্যবইয়ের ১৯৭০ সালের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়।