1 Answers
উদ্দীপকের মনীষী হলেন মহানবি হযরত মুহাম্মদ (স.)। মিরাজ তাঁর জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ ঘটনা।
পাঠ্যবই অধ্যয়নে আমরা জানতে পারি, মক্কার কাফিরদের সীমাহীন অত্যাচারে এবং তায়িফবাসীদের দুর্ব্যবহারে মহানবি (স.) যখন নিদারুণ মর্মাহত-ব্যথিত তখন আল্লাহ তাঁকে মিরাজের সম্মান দান করেন।
মিরাজ-এর অর্থ সিঁড়ি, সোপান, ঊর্ধ্ব গমন। নবুয়তের একাদশ সনে রজব মাসের ২৭ তারিখে আল্লাহ তায়ালা মহানবি (স.)-কে স্বশরীরে অতি অল্প সময়ে মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করিয়ে আনেন। রাসুলুল্লাহ (স.)-এর এ ভ্রমণকে মিরাজ বলে। এ ভ্রমণে মহানবি (স.)-কে 'বুরাক' ও রফরফ' নামক দুটি দ্রুতগামী বাহন বহন করে। বায়তুল মুকাদ্দাসে তিনি পূর্ববর্তী নবিগণের সাক্ষাৎ লাভ করেন এবং তাঁদের ইমাম হয়ে দু রাকাআত সালাত আদায় করেন। সেখান থেকে সাত আসমান অতিক্রম করে তিনি আল্লাহর দীদার বা সাক্ষাৎ লাভ করেন এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশপ্রাপ্ত হন। অতএব বলা যায়, মিরাজ মহানবি (স.)-এর জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ ঘটনা। এ ঘটনায় তিনি নতুন কর্মপ্রেরণায় উজ্জীবিত হন। তাই মহানবি (স.)-এর জীবনে মিরাজের গুরুত্ব অত্যধিক।