1 Answers
উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত কবির দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে।
জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কোনো কারণে মানুষ দেশের বাইরে গেলেও স্বদেশ তার স্মৃতিতে সদা জাগরূক থাকে। যত ভালো জায়গায়ই সে থাকুক না কেন, জন্মভূমিকে সে কখনো ভুলতে পারে না।
উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরী একজন ডাক্তার। তিনি একজন মানবিক মানুষ। ডাক্তারি পাস করে তিনি এলাকার মানুষের সেবা করেন। পেশাগত কারণে তিনি আমেরিকায় যান। বিদেশে গিয়েও তিনি দেশের কথা আর গরিব অসহায় মানুষদের কথা ভুলতে পারেন না। তিনি তাদের স্মরণ করেন। তার এই চিন্তা-চেতনার মধ্য দিয়ে গভীর দেশপ্রেমের প্রকাশ ঘটে। অন্যদিকে 'কপোতাক্ষ নদ' কবিতায়ও স্মৃতিকাতরতার আবরণে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। প্রবাসে বসে তাই কবি জন্মভূমির স্মৃতি, প্রিয় কপোতাক্ষ নদের স্মৃতি স্মরণ করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে আলোচ্য কবিতায় বর্ণিত কবির দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে।