1 Answers
উদ্দীপকের আমিন সাহেবের ভাই লেখাপড়া শেষ করে কর্মহীন জীবনযাপন করছে। কেউ তাকে কোনো কাজে নিযুক্ত হওয়ার পরামর্শ দিলে সে উত্তরে বলে, কোনো কাজই আমার ভালো লাগে না। তার এ কাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ।
আমরা জানি, কর্মবিমুখতা মানবজীবনে অভিশাপস্বরূপ। ইসলামে এর কোনো স্থান নেই। ইসলাম মানুষকে কাজ করার জন্য উৎসাহ দিয়েছে। আল্লাহ তায়ালা ইবাদত পালনের পর পরই কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন,
فَإِذَا قُضِيَتِ الصَّلَوةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللَّهِ
অর্থ : “অতঃপর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” (সূরা আল-জুমুআ : ১০) জীবিকা অর্জনের জন্য কাজ করার প্রয়োজন অনস্বীকার্য। এজন্য বসে থাকলে চলবে না। বরং নিজ উদ্যোগে কাজ করায় জন্য ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।” (বুখারি)
নবি-রাসুলগণের জীবনী পড়লে জানা যায়, তারা জীবিকা উপার্জনের জন্য নানা কাজ করেছেন। হযরত দাউদ (আ.) কামারের কাজ করতেন, হযরত আদম (আ.) কৃষিকাজ করতেন, আমাদের নবি (স.) ব্যবসায় করতেন। জীবিকার প্রয়োজনে তাঁরা ছাগলও চরিয়েছেন। এজন্য উমর (রা.) বলেছেন, “তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে।"
আমিন সাহেবের ভাই এভাবে কর্মবিমুখ হয়ে থাকলে সে পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে, অসৎ সঙ্গ বা অসৎ বন্ধুর কারণে নানা প্রকার অপরাধে জড়িয়ে পড়বে। যেমন- মাদক গ্রহণ, ছিনতাই প্রভৃতি। এজন্য তাকে কর্মমুখী করা দরকার। তাহলে সে সবার জন্য কল্যাণ বয়ে আনতে পারবে।