হামিদ ও রতনের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক তাদের শেষ বক্তব্যটির গুরুত্ব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে হামিদ ও রতনের কর্মকাণ্ডটি স্বদেশপ্রেম হিসেবে চিহ্নিত।
স্বদেশ তথা নিজ দেশ বা মাতৃভূমির প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম একটি অনুভূতির বিষয়। ব্যক্তির নিজের কাজ ও সেবার দ্বারা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা, দেশের মানুষকে ভালোবাসা ও তাদের জন্য কাজ ইত্যাদি দেশপ্রেমের উৎকৃষ্ট দৃষ্টান্ত। উদ্দীপকের হামিদ ও রতন এলাকার জনগণকে সংগঠিত করে চোরাকারবারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এতে দেশের ও জনগণের স্বার্থ রক্ষা হয়েছে। কাজেই তাদের কর্মকাণ্ড স্বদেশপ্রেম হিসেবে বিবেচিত।
উদ্দীপকে উল্লিখিত হামিদ ও রতনের শেষোক্ত বক্তব্য ছিল, "আমাদের স্বাধীন দেশের সম্পদ ও মর্যাদা রক্ষায় নিজ প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করব না।" হামিদ ও রতনের এ বক্তব্যটি তাদের দেশপ্রেমের পরিচায়ক, যা তাৎপর্যপূর্ণ। দেশপ্রেমিক ব্যক্তি দেশের সম্পদ ও মর্যাদা রক্ষায় শুধু কাজ করেই ক্ষ্যান্ত হন না, তারা এর জন্য প্রাণ উৎসর্গ করতেও পিছপা হন না। হামিদ ও রতনের বক্তব্যে এ বিষয়টিরই প্রতিফলন ঘটেছে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে হামিদ ও রতনের কর্মকাণ্ডটি স্বদেশপ্রেম হিসেবে চিহ্নিত এবং তাদের শেষোক্ত বক্তব্যটির মধ্য দিয়েও তাদের দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়।