1 Answers
উদ্দীপকে সংস্থাটি একটি প্রকল্প গঠন করেছে। প্রকল্পের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন মতামত পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো-
আরোহ অনুমান প্রণয়নে বা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে; কিন্তু তারপরও এ সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ ও বিজ্ঞানীর মধ্যে মতদ্বৈধতা রয়েছে।
প্রথমত, যারা প্রকল্পের গুরুত্বকে অস্বীকার করেছেন, তাদের মধ্যে আরোহ যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত যুক্তিবিদ ফ্রান্সিস বেকন ও সুবিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন অন্যতম। তাদের মতে, প্রাকৃতিক নিয়ম আবিষ্কারের জন্য কোনোরূপ প্রকল্প প্রণয়নের প্রয়োজন হয় না, এর জন্য কেবল নিরীক্ষণ ও অপনয়ন সূত্রের প্রয়োগই যথেষ্ট; তা ছাড়া কোনো প্রকল্প যখন মানুষের পর্যবেক্ষণ বহির্ভূত কারণ হিসেবে অনুমিত হয়, তখন তাকে যাচাই করা সম্ভব হয় না। এদিক থেকে প্রকল্প হচ্ছে আধিবিদ্যক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক ধরনের কাল্পনিক আন্দাজমাত্র; কাজেই বৈজ্ঞানিক গবেষণায় এ জাতীয় বিষয়ের প্রয়োগ অবাঞ্ছিত। তবে প্রকল্পের ভূমিকা সম্পর্কে তাদের এই বক্তব্যকে যুক্তিসংগত বলা যায় না। বস্তুত তাদের বক্তব্য অবৈধ প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য হলেও প্রকৃতপক্ষে বৈধ বা সুসংগত প্রকল্প ছাড়া কোনোরূপ বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হতে পারে না এবং আরোহ অনুমানের সাথে প্রকল্প ও অবরোহ অনুমান যুক্ত হয়েই বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি হয়। কাজেই এদিক থেকে বৈজ্ঞানিক অনুসন্ধান বা আরোহের ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, যুক্তিবিদ মিল প্রকল্পের গুরুত্বকে অস্বীকার না করলেও তিনি আরোহকে আবিষ্কারের পদ্ধতি নয়, বরং প্রমাণের পদ্ধতি বলে উল্লেখ করেছেন। তবে প্রকল্প সম্পর্কে মিল এর এ ধরনের বক্তব্যকে যথার্থ বলা যায় না, কেননা আরোহ প্রমাণ পদ্ধতির পাশাপাশি আবিষ্কারেরও পদ্ধতি; সে ক্ষেত্রে যেকোনো বিষয় আবিষ্কার বা অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্প হচ্ছে প্রাথমিক ও অনিবার্য পদক্ষেপ। এ অর্থে প্রকল্পের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।
তৃতীয়ত, যুক্তিবিদ হিউয়েল মনে করেন, একটি বৈধ বা সুসংগত প্রকল্প এবং একটি আরোহ অনুমান সমপর্যায়ভুক্ত। কেননা তিনি আরোহকে প্রমাণের পদ্ধতি নয়, বরং আবিষ্কারের পদ্ধতি বলে উল্লেখ করেছেন; কাজেই আরোহের এ দিকটির কথা বিবেচনা করেই তিনি বলেছেন, প্রকল্প প্রণয়ন 'না করে আরোহ অনুমানের পক্ষে এক ধাপও অগ্রসর হওয়া সম্ভব নয়। সুতরাং এদিক থেকে প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে হিউয়েল মনে করেন।
প্রকল্পের ভূমিকা সম্পর্কে মতদ্বৈধতা থাকলেও এর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সাধারণত তিনটি ক্ষেত্রে এর সবিশেষ উপযোগিতা, পরিলক্ষিত হয়; যেমন : আরোহ অনুমানের ক্ষেত্রে, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে।